নিয়োগে অনিয়ম হলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ না করে যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং অনিয়মে জড়িত শিক্ষকের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত একটি রিটের রায়ে এ নির্দেশনা দেন।
মামলার বিবরণে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাঁকে নিয়োগ দেয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন তিনি। পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। তবে রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আদালত বলেন, আইনানুগ প্রক্রিয়ায় কোনো আবেদনকারী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে যৌক্তিক কারণ ছাড়া তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
রায়ে আরও বলা হয়, নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।