১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭

কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য

কাদের মোল্লা  © সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে আমিনুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে গত ১৮ ও ১৯ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে অংশ নিয়েছি। দুই দিনই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হকসহ অন্যান্য আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গতকাল কিংবা আজ—কোনো দিনই প্রধান বিচারপতি ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে মন্তব্য করেননি। প্রধান বিচারপতিকে ভুল উদ্ধৃত করে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে বা হচ্ছে, তা অসত্য ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছেন। তাই সংশ্লিষ্ট সংবাদটি অনতিবিলম্বে সব নিউজ পোর্টাল থেকে প্রত্যাহারের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়াকে লজ্জাজনক বলেছেন তিনি এবং ঘটনাটিকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে অভিহিত করেছেন। তবে চিফ প্রসিকিউটর এসব মন্তব্যের খবরকে অসত্য বলে দাবি করেছেন।