১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪

মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে কয়েক লাখ শিক্ষার্থী

আইনজীবী কামরুন নাহার মাহমুদ  © সংগৃহীত

মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলেই এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে খারাপ করা প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারে বলে মন্তব্য করেছেন ভর্তি পরীক্ষা স্থগিতের মূল পিটিশনার আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তার মতে, সামান্য সময়ের ব্যবধান বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় করা হলে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ খুলে যেতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনজীবী বলেন, ‘যেহেতু প্রায় এক মাসের সময়ের বিষয়, সেখানে ২৫ দিন এদিক-সেদিক করা হলে সব শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। একটি শিক্ষার্থীও যদি ওই পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, সংবিধান তাদের সেই সুযোগ দিয়েছে। আমরা কেন সেই সুযোগ দেব না? সরকারও ভালো উদ্দেশ্যেই (উইথ গুড ইনটেনশন) এটি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী, যারা দুই বিষয়ে খারাপ করেছে, তারাও যেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এখানে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।’

ইউজিসির সুপারিশ অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ না করার বিষয়টিও তুলে ধরেন এই আইনজীবী। তিনি বলেন, ‘ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছিল ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটি বিবেচনায় নেয়নি। এ অবস্থায় মহামান্য হাইকোর্ট ডিভিশন পুরো বিষয়টি বিবেচনা করে দেখেছেন। প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করেছে এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত দেখেছেন, তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং সময়ের ব্যবধানও খুব বেশি নয়। মাত্র ২৫ দিনের একটি সময়ের ব্যবধান। এই ২৫ দিন যদি আদালত ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিবেচনায় নেয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থীই হয়তো একটি উৎসাহ পাবে এবং তাদের ভবিষ্যৎও অন্যভাবে রচিত হতে পারে।’

মামলার আবেদনের বিষয়ে কামরুন নাহার মাহমুদ বলেন, ‘আমরা যে রুল চেয়েছি, সেটি মূলত ইউজিসির নির্দেশনা অনুযায়ী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন ভর্তি পরীক্ষা নিচ্ছে না, সেই বিষয়ে। ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে ৯ নভেম্বর অনুরোধ করেছিল, তারা যেন ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করে। সেই নির্দেশনা বা গাইডলাইন অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন, সেটি জানতে চেয়ে আমরা রুল ইস্যুর আবেদন করেছি।’

আদালতের আদেশের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আদালত আরও নির্দেশ দিয়েছেন, অনলাইন পোর্টালে যেসব ভর্তি পরীক্ষার ফরম পূরণ চলছে, সেগুলো খোলা রাখতে হবে। আর যেসব শিক্ষার্থীর পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের জন্য বিকল্প বা শর্তসাপেক্ষ ব্যবস্থা রাখতে হবে, যাতে তারা অ্যাপিয়ারিং হিসেবে আবেদন করতে পারে। বিদেশেও অনেক ক্ষেত্রে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার আগেই অ্যাপিয়ারিং হিসেবে আবেদন করতে পারে। এখানেও যেন শিক্ষার্থীরা এভাবে আবেদন করে রাখতে পারে, সে বিষয়ে আদালত নির্দেশ দিয়েছেন।’

হাইকোর্টের আদেশের তৃতীয় বিষয়টি ব্যাখ্যা করে আইনজীবী বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হয়েছে। যেহেতু ২৩ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ হয়ে যাবে, তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় থাকলে বিশ্ববিদ্যালয়গুলো ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ৩১ ডিসেম্বর পর্যন্তই স্থগিতাদেশ চেয়েছি। এর বাইরে কোনো অতিরিক্ত সময় বা আরও বড় কোনো প্রার্থনা আমরা করিনি। রাষ্ট্রপক্ষেরও মূল বক্তব্য ছিল, ইউজিসি যেভাবে বলেছে এবং ইউজিসির যে অনুরোধ রয়েছে, সেটি অনুসরণ করা।’