জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্ঘন করে তাকেই মেডিকেলের চেয়ারম্যান নিয়োগ
গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে ডা. এএসএম বদরুদ্দোজাকে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের ইস্যুকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। রিট পিটিশনটি (নং ১৫৭৫৮/২০২৬) দায়ের করেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালক এবং গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ। রিটকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
রিট আবেদন সূত্রে জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ধারা ১৮(২) অনুযায়ী গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকেই নির্বাচিত হওয়ার কথা। কিন্তু ডা. বদরুদ্দোজা ২০১৫ সালের সমঝোতা স্মারকের মাধ্যমে তার সব শেয়ার বিক্রি করে পুরো মূল্য বুঝে নেন এবং ২০১৭ সালে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই ২০১৮ সালের একটি চিঠিতে তাকে ‘সাবেক চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করেছিল।
এছাড়া বর্তমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকার কথা থাকলেও কোনো কারণ দর্শানো নোটিশ বা শুনানি ছাড়াই মেয়াদ শেষ হওয়ার আগেই বডিটি পুনর্গঠন করা হয়। পাশাপাশি আইনে সরকার, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একজন করে প্রতিনিধি রাখার বিধান থাকলেও, প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সদস্য করা হয়েছে—যা আইনের বরখেলাপ।
বইয়ে বিতর্কিত লেখালেখির অভিযোগ
ডা. এএসএম বদরুদ্দোজা ‘বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ শিরোনামে একটি বই লিখেছেন, যার প্রকাশক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। ওই বইয়ের বিভিন্ন অংশে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও সমালোচনা রয়েছে। বইটিতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০০১-২০২৬ মেয়াদের সরকারের পাঁচ বছরের আমলকে ‘নব্য স্বৈরশাসন’ এবং সে সময়ের র্যাবকে ‘সরকারি খুনী বাহিনী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই বইয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে ‘দুর্নীতি ও দুঃশাসনের গুরু যুবরাজ নামে পরিচিত তারেক জিয়া ও তার ছোট ভাই কোকোর বিচার প্রক্রিয়ায় কোন অগ্রগতি নেই।’ বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও লিখেছেন, ‘বিএনপি সরকারের পাঁচ বছরের নৈরাজ্যের প্রধান নাটের গুরু হিসেবে সকলে তারেক জিয়াকেই জানে।’
বেগম খালেদা জিয়া সম্পর্ককে বইটিতে তিনি লিখেছেন, ‘তার এই পাহাড়সম অপরাধের শাস্তি তাকেই ভোগ করতে হবে।’ ‘খালেদা জিয়া গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করতে নীল নকশা এঁকেছিল’ বলেও উল্লেখ করা হয়েছে বইটিতে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলা হয়েছে, ‘তার চরিত্রে হিংসার ও নৃশংসতার প্রতিফলন রয়েছে’ এবং তিনি ‘চক্রান্তের মাধ্যমে’ ক্ষমতায় আসেন ও ‘নীতি আদর্শহীন লুটপাটের রাজনীতি’ শুরু করেন। একই বইয়ে ‘জননেত্রী শেখ হাসিনা: সোনার বাংলার পথিকৃৎ’ শিরোনামে একটি প্রশংসামূলক নিবন্ধও রয়েছে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইন অনুযায়ী উদ্যোক্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা। যিনি সব শেয়ার বিক্রি করে মূল্য বুঝে নিয়ে পদত্যাগ করেছেন, তাকে প্রতিষ্ঠাতা দেখিয়ে চেয়ারম্যান মনোনয়ন দেওয়া সম্পূর্ণ বেআইনি। আদালতের এই আদেশের ফলে আপাতত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রয়েছে।