এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে রিট
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে হাইকোর্ট রুল জারি করেছে। শিক্ষকদের নিজ উপজেলায় বদলির বিধান নেই নীতিমালায়। বিষয়টি কেনো অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। সোমবার (৯ নভেম্বর) হাইকোর্ট এ রুল জারি করে।
আবেদনকারী আইনজীবী বলেন, কর্মরত শিক্ষকেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত এই প্রভিশনকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারি করেছেন। শিক্ষকদের যে সুযোগ-সুবিধা আছে, তার পরিপন্থি এই বিধান। অর্থাৎ একজন শিক্ষকের এক উপজেলা থেকে অন্য উপজেলায় গিয়ে চাকরি করতে ৫ থেকে ১০ হাজার টাকা যাতায়াত খরচ হয়। এমন স্কুলে কোনোভাবেই বদলি করা যাবে না বা আবেদন করা যাবে না। সেই প্রভিশনকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি, এই বিধান শিক্ষকদের সুযোগ-সুবিধার পরিপন্থি। একজন শিক্ষকের যাতায়াত খরচ যদি ৫ থেকে ১০ হাজার টাকা হয়, সে ক্ষেত্রে তিনি তো আর শিক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না। কারণ, তাদের বেতন খুবই কম।
তিনি আরো বলেন, একইভাবে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুল-কলেজে যাওয়ার পর আবার একই পথে যাতায়াত করে নিজ বাসস্থানে আসবেন—এমন পরিস্থিতিতে তার ওপর অর্পিত শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পালন করা সম্ভব নয়।
বদলি নীতিমালার এই রেস্ট্রিকশন জনস্বার্থের পরিপন্থি, শিক্ষকদের চাকরির উদ্দেশ্যের পরিপন্থি এবং একই সঙ্গে কর্মরত শিক্ষকেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আদালত এর ওপর রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষকেরা নিজ উপজেলার মধ্যে বদলি হতে পারবেন না। এখানে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। এ কারণে আমরা বদলির এই বিধানকে জনস্বার্থের পরিপন্থি বলে চ্যালেঞ্জ করেছি।