প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুইজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। তাঁরা হলেন প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরির আবু সালেহ মোঃ মুসা।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালত। এর আগে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
আসামীদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তিনি সরকারি কর্মচারী হওয়ার অভিপ্রায়ে জ্ঞাতসারে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। পরে ওই জাল সনদকে প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিপন্ন করার অপচেষ্টা চালান। এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেন।
এর ফলে তিনি ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাদি উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হওয়ায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিও বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।