১৩ অক্টোবর ২০২৬, ১৪:৪৬

বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান  © সংগৃহীত

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ নিতে বলেছি। আমরা আইন পেশাকে একটি নির্দিষ্ট মানে নিয়ে যেতে চাই।’

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আগামী পাঁচ বছরে ৫০০ ইন্টার্ন তৈরির পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই ৫০০ ইন্টার্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা কোনো পিক অ্যান্ড চুজ করব না। আমরা বিশ্ববিদ্যালয়ের মেধার ভিত্তিতে প্রথম সারিতে যারা আছে, তাদেরকে রিক্রুট করতে বলেছি।’

আইন পেশার ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কথা উল্লেখ করে তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের নিজেদের প্রস্তুত করতে হবে। মানবাধিকার কমিশন আইন, ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট ও সাইবার আইন সংশোধনে সরকার কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এসব আইনের খসড়া তৈরিতে ইন্টার্নরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

সমাজ গঠনে আইনজীবীদের ‘সোশ্যাল ইঞ্জিনিয়ার’ আখ্যা দিয়ে তিনি বলেন, আইন জানার পাশাপাশি একজন আইনজীবীর অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও অ্যানাটমি সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন।