আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চার জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম এতথ্য নিশ্চিত করেন।
আসামিরা হলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। এদের মধ্যে প্রথম দুই জনের তিন দিন ও বাকি ২ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে, তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল গাফফার হিমেল।
মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। বিকাল ৪টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। শুনানির সময় আদালতের কাঠগড়ায় তাদের বেশ হাসিখুশি দেখা যায়।