‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আপসনামা দাখিল করেও জামিন মেলেনি সমালোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিচারক বলেছেন, ‘নজরুলের জামিন হলে ‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।’
আজ বুধবার (০৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।
‘মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই’ জানিয়ে আসামিপক্ষের নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান।
শুনানিতে আইনজীবী বলেন, ‘মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষেরও জামিনে আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।’
পরে বিচারক তার পর্যবেক্ষণে বলেন, ‘আসামি বয়স্ক। ভিকটিম অতি অল্পবয়স্ক মেয়ে মানুষ। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম আত্মহত্যা করেছে। হাজতবাস পর্যাপ্ত নয়। এই মামলায় আসামি জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আসামির জামিন নামঞ্জুর করা হলো।’
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেন।