০১ অক্টোবর ২০২৬, ২১:২০

লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ

শাহাদাত হোসেন সেলিম  © সংগৃহীত

আইনজীবীদের নিয়ে মানহানিকর ও অপমানজনক বক্তব্যের জেরে বিএনপির লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার এই নোটিশ পাঠান।

‘আইনজীবীরা রাতে দোয়া করে যেন আগামীকাল দুই-চারজন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি’— এমন বক্তব্যের জেরে দেয়া এই লিগ্যাল নোটিশটি এমপি শাহাদাত হোসেন সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। এতে বলা হয়, আইনজীবীদের নিয়ে সংসদ সদস্যের এমন বক্তব্য মানহানিকর ও অপমানজনক।

নোটিশে ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে এমপি শাহাদাত হোসেন সেলিমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি শাহাদাত হোসেন সেলিম। ওই অনুষ্ঠানে বক্তব্যকালে একপর্যায়ে আইনজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনজীবীরা রাতে দোয়া করে যেন আগামীকাল দুই-চারজন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, জামিন করিয়ে ভালো-মন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।’ এ সময় আইনজীবীরা ‘দুই-চার-দশ টাকার বিনিময়ে’ মাদকসেবীদের জামিন করিয়ে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

এমপি শাহাদাত হোসেন সেলিমের ওই বক্তব্যের একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরের কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ জানান। এ নিয়ে বৃহস্পতিবার পাঠানো লিগ্যাল নোটিশে আইনজীবী ওমর ফারুক তুষার বলেন, সংসদ সদস্য হিসেবে শাহাদাত হোসেন সেলিমের ওই বক্তব্যে আইনজীবী সমাজের মান-সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, বক্তব্যটি মানহানির পর্যায়ে পড়ে।

লিগ্যাল নোটিশের বিষয়ে জানতে চাইলে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এখনো লিগ্যাল নোটিশটি পাইনি, তবে নোটিশ দেয়ার বিষয়টি শুনেছি। নোটিশ পেলে আইনজীবীর মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাব।’