২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

মরিয়মের আত্মহত্যা, অবশেষে গ্রেপ্তার ওবায়দুর

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত  © সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।’

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, এ আসামি ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমান পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার প্রার্থনা করেন তদন্তকর্তা।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।