১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমুল্লাহকে

সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ  © সংগৃহীত

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা গ্রেপ্তার দেখানোর তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শুনানিতে আসামিপক্ষে আইনজীবী বলেন, ‘আসামির রাজনৈতিক কোনো পদ নেই, তিনি একজন প্রফেসর, আওয়ামী লীগের আমলেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বহন করতেন। এটা থেকেই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল এবং এই হত্যার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

এ সময় আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ বলেন, ‘আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনও নেই। আমি ভিসি থাকাকালীন সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। আমি ভিসি থাকাকালীন সময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ ভর্তি হয়ে ছিলেন। সাঈদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক এর বাইরে আর কিছু না। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’

গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে।

গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন। তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়। এরপর সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি।

গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। এদিন শুনানিকালে নাজমুল আহসান কলিমুল্লাহকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত আটটার দিকে তাদের ওপর গুলি ও হামলা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল। পরে এ ঘটনায় মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ হলো।