০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪

সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন: সিআইডি

সালমান শাহ ও খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে তোলা হয়  © টিডিসি সম্পাদিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদেও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন খলনায়ক আশরাফুল হক ডন— এমন দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

তদন্ত সংস্থাটির ভাষ্য, সালমান শাহর মৃত্যুর আগে, ঘটনার সময় ও পরে ডনের আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে।

রিমান্ড শেষে আজ বুধবার ডনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

রিমান্ড শেষে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান। 

আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে প্রকাশ করেছেন। কিন্তু মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি গোপন করছেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার সঙ্গে চলাফেরা করতেন। ফলে সালমানের বিভিন্ন বিষয় সম্পর্কে ডনের জানাশোনা ছিল। কিন্তু সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি অত্যন্ত কৌশলে কথা বলেছেন।

সিআইডির আবেদনে আরও বলা হয়, ঘটনার পূর্বে, ঘটনার সময় এবং পরে ডনের আচার-আচরণ ও চালচলন বিশ্লেষণ করে মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত সংস্থার ভাষ্য, ডন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছেন। মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চলকর হওয়ায় তদন্তে পাওয়া তথ্যগুলো গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।

সিআইডি জানিয়েছে, তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে ডনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্যা, গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে ২৭ আগস্ট আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়।