বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৪৩তম দফায় পিছিয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত আগামী ৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাঝহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে অভিযান চালায়। ওই দিন রাতভর তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট এলাকা থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ১৫ জুলাই সানির বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করা হয়। মামলার পর তাদের গ্রেপ্তার করা হলেও বর্তমানে সবাই জামিনে রয়েছেন।