ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
ময়মনসিংহে ইজিবাইকচালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি নাম পলাশ। যাবজ্জীবনপ্রাপ্ত দুজন হলেন তোফায়েল আহমেদ নাসিম ও শাকিল।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া সুহিলা কাদুরবাড়ি এলাকার মারুফ স্যানিটারি কারখানার সামনে যাত্রীবেশে ছিনতাইকারীরা নাজিম উদ্দিনের ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় নাজিমকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই নাসির উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পরে নাসিম, শাকিল ও পলাশকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।