৩০ আগস্ট ২০২৬, ১৮:১৮

অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল

হাইকোর্ট ভবন  © ফাইল ছবি

অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৩০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কাওসার হোসাইন। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী- সারা দেশে ৩৪ হাজার ৬১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এর মধ্যে নিবন্ধিত ৯৯৮টি। ফলে এটা স্পষ্ট যে, বাকিগুলো অনিবন্ধিত।

প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন সংক্রান্ত আইন হলো দ্যা রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স-১৯৬২। ওই আইনের ৩ ধারায় বলা আছে, অনিবন্ধিত অবস্থায় কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা যাবে না। এর ব্যত্যয় হলে ওই স্কুল বন্ধ করা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এরই প্রেক্ষাপটে হাইকোর্টে রিট করা হয় বলে জানান আইনজীবী মো. কাওসার হোসাইন।