পুলিশ হেফাজত থেকে পালানো সেই নারীকে কারাগারে প্রেরণ
ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি মিতু আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২৮ আগস্ট রাত ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার মিতুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার পর গত ২৪ আগস্ট মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা হাসান কবির তাকে থানায় নিয়ে আসেন। এ সময় মিতুর সঙ্গে তার দুই বছর পাঁচ মাস বয়সি শিশুও ছিল। তাকে ঘটনা-সংক্রান্ত বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এক নারী কনস্টেবলের পাহারায় থানার নারী ও শিশু হেল্প ডেস্কে ছিলেন মিতু। এসময় কৌশলে দরজা খুলে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান তিনি। তদন্তাধীন মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মিতুকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তবে শুনানির সময় মিতুর পক্ষে কোনো আইনজীবী ছিল না।
জানা গেছে, পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় উপপরিদর্শক খন্দকার আবু সালেহ নাঈম মামলাটি দায়ের করেন।