প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ
দেশের নাটক ও চলচ্চিত্রে শুধুমাত্র প্রেম ও রোমান্সকেন্দ্রিক গল্পের অবাধ বিস্তার রুখতে এবং এসব কনটেন্ট সম্প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতি বিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আইনি নোটিশে অভিযোগ করা হয়, সাম্প্রতিক নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত প্রেম-রোমান্স এবং পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের প্রবণতা বেড়েছে। এর ফলে পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা থেকে মনোযোগ সরে যাচ্ছে। এছাড়া অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শনী সমাজে অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের বরাত দিয়ে নোটিশে তরুণদের মেধা ও নৈতিক বিকাশের জন্য বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক বিনোদন কনটেন্ট নির্মাণের তাগিদ দেওয়া হয়।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।