হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক হত্যা মামলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা. খাদিজা আক্তার শিল্পীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়।
আন্দোলন দমনের অংশ হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনা ও উসকানিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও দমন-পীড়ন চালানো হয়।
১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় এবং পূর্বপরিকল্পিতভাবে হামলা ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।
গুলিবর্ষণের ঘটনায় সজীব নামে একজন নিহত হন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় খাদিজা আক্তার শিল্পীকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।