১৩ আগস্ট ২০২৬, ১২:৫৬

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা  © টিডিসি ফটো

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে আদালতে আসেন তানজিন তিশা। সিড়ি বেয়ে হেটে ৫ তলায় আদালতে ওঠেন তিনি। ১১টা ২২ মিনিটে এজলাসে আসেন বিচারক। এ সময় আসামি ও বাদী পক্ষের বক্তব্য শোনেন তিনি। উভয় পক্ষ শুনানিতে উচ্চস্বরে কথা বলতে থাকেন। শুনানি শেষে আদালত তানজিন তিশাকে জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১২ জুলাই তিশাকে হাজির হতে নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। 

আরও খবর: ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও যকৃতের যত্নে প্রতিদিন পান করুন এই ৫ পানীয়

এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া এই প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।