১০ আগস্ট ২০২৬, ১৯:৩২

জামিন পেলেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম  © সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। আদেশের সময় গাজী নজরুলের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হওয়া গাজী নজরুলের বিরুদ্ধে গেল জুলাইয়ের মাঝামাঝি সময়ে এক তরুণীর সাথে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জের ধরে গত ২২ জুলাই ‘নৈতিক স্খলনের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

বহিষ্কারের একই দিনে ভুক্তভোগী তরুণীর মামা ও গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় এই হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, এমপি গাজী নজরুলের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের নেপথ্যে হাত রয়েছে—এমন সন্দেহে গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। মামলাটিতে গাজী নজরুল ইসলাম ছাড়া তাঁর আরও চার সহযোগীকে আসামি করা হয়েছিল।