সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
ভোলার চরফ্যাশন উপজেলার ১৬৮ নং দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসনের দায়ের করা মামলায় প্রধান শিক্ষকসহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আফজাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ (৪৫), মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ২৭ জুন প্রধান শিক্ষকসহ অভিযুক্তরা স্কুলের অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের মাঠে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এ ঘটনায় গত ২ জুলাই সহকারী শিক্ষক আক্তার হোসেন বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে, আদালতে হাজিরা দিতে এসে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।