২৮ জুলাই ২০২৬, ১৭:২৭

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তানভীর ইমাম গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম  © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এদিন তানভীর ইমামকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি হয়। শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে গুলির নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় আর্থিক সহায়তা করার বিষয়ে তানভীর ইমামের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে থাকা অবস্থায় গত ১৪ জুলাই গুলশান থানার এ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত সেদিন শুনানির জন্য ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুর এলাকায় কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত বছরের ১১ ডিসেম্বর জব্বার আলী গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়েছে।