২৮ জুন ২০২৬, ১২:৫৯

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ছাদের কার্নিশে ঝুলে থাকা লাশ  © সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক হোটেল কর্মচারীকে গুলি করা এবং পৃথক ঘটনায় দুইজনকে হত্যার মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে অপর দুই আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রায়টি সরাসরি সম্প্রচার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এ ছাড়া রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং রামপুরা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর রামপুরায় হোটেলে কাজ শেষ করে ঢাকায় থাকা তার ফুফুর বাসায় ফিরছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আমির হোসেন।

আরও পড়ুন: নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে যান। এ সময় পুলিশও তার পিছু নেয়।

একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য ভবনটির ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির হোসেন। কিন্তু পুলিশ তাকে দেখতে পেয়ে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি তিনতলায় পড়ে গেলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই রাতেই চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

এই ঘটনাসহ দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।