১৭ জুন ২০২৬, ১৩:৩০

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু 

সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে  © টিডিসি সম্পাদিত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।  

সংশ্লিষ্ট আদালতের দুর্নীতি দমন কমিশনের কোর্ট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুনানিকালে আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। তবে চার্জগঠন শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা তার অব্যাহতি চেয়ে শুনানি করেননি। আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। 

গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটা মামলা করে দুদক। 

তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অন্যদিকে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। 

এছাড়া আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সম্প্রতি সোহানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করেন দুদক। এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।