চট্টগ্রাম-২ আসন: সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করার জন্যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল, গেজেট প্রকাশ ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।
ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিলও গত ৩ ফেব্রুয়ারি মঞ্জুর করেন আপিল বিভাগ। সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আদেশে বলা হয়, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ এ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।