শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ ১৬ জনের জবানবন্দি রেকর্ড করেন।
এরপর রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমউল্লাহ তাদের জেরা করেন। সাক্ষীদের জেরা শেষে আগামীকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। এর মধ্যে দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ।
এদিকে সকাল পৌনে ৯টায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় তাদেরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্য গ্রহণের আগে তাদেরকে এজলাসে নেওয়া হয়।