১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে: আইনমন্ত্রী
আলোচিত শিশু রামিসা হত্যা মামলাটির বিচার কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকারের উদ্যোগ রয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত বিচারিক আদালতগুলোকে ছুটির দিন ছাড়া খোলা রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
রামিসা হত্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যেই জবানবন্দি দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলাটির বিচার কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত ১৯ মে দুপুরে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল।