প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড
রাজধানীর গুলশান থানার প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদী পক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরন) এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় একটি মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। সে মামলায় দেড় যুগ পর বিদিশার দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করলেন আদালত।