২ মাস পর কারামুক্ত ইমি
রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভের অভিযোগে কারাগারে থাকা শেখ তাসনিম আফরোজ ইমি মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) ঘটনার দুই মাস পর জামিনে বের হন তিনি।
শেখ তাসনিম আফরোজ ইমির আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এর আগে গত ৩০ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক এই ভিপি। ওই দিন জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন। আদালতে ওই দিন ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি। ওই দিন তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজন ছিলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।