০৯ এপ্রিল ২০২৬, ১৩:১৮

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফয়সাল করিম  © সংগৃহীত

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীনের আদালত এ রায় ঘোষণা করেন।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, গত ৫ এপ্রিল রবিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন আদালত। তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ ফয়সাল করিমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট থেকে ফয়সাল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে র‍্যাব-২-এর হাবিলদার মো. মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করেন।