০৯ এপ্রিল ২০২৬, ১৩:০০

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক উপাচার্যসহ ৩ শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

আবু সাঈদ  © সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর দুই শিক্ষক হলেন মশিউর রহমান ও আসাদুজ্জামান। এছাড়া আদালত ছাত্রলীগের ছয় কর্মীকে তিন বছর করে কারাদণ্ড এবং অন্য দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

মামলার মোট ৩০ জন আসামির মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জনই বর্তমানে পলাতক রয়েছেন। ২০২৪ সালের ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন মেধাবী ছাত্র আবু সাঈদ। এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে দ্রুত রায় বাস্তবায়ন করা হোক—এটাই আমাদের দাবি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা আশা করছি, রাষ্ট্রের আইন অনুযায়ী তদন্তসাপেক্ষে সঠিক রায় প্রদান করা হবে এবং দোষীদের দ্রুত শাস্তি কার্যকর করা হবে।’

মামলার রায়ের দিন ধার্য হওয়ার পর থেকেই আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসছিলেন। আবু সাঈদের ভাই রমজান আলীও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। প্রায় দুই বছর পর ঘোষিত এই রায়ের মাধ্যমে চব্বিশের গণ-আন্দোলনের প্রথম শহীদের বিচার প্রক্রিয়ার একটি বড় ধাপ সম্পন্ন হলো।