হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের রায় আজ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে আদাবর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। মামলাটির শুনানি শেষে গত রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
বুধবার (৮ এপ্রিল) আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার ফয়সাল করিম মাসুদ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটির রায় আগামীকাল ঘোষণা করা হবে।