জুলাই আন্দোলনের স্মৃতিচারণে গাজীপুরে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৪’ স্মরণে দিনব্যাপী আলোচনা সভা, জুলাই আন্দোলনে আহত, নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আন্দোলনের চেতনা ধারণের আহ্বান জানান।
মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ও পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন।
এমপি রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী তমার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য প্রেরণা। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে আহত, নিহত ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন মিছিল ও সমাবেশের ধারণকৃত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের সেই সময়ের স্মৃতিচারণ করেন। পরে আন্দোলনে আহত, নিহত ও গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, পুতুলনাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসব পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জান ননী, ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সরকার জাবেদ আহাম্মেদ সুমন, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এ এইচ এম দেলোয়ার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও ইমরান রেজা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. নাজমুল খন্দকার সুমন, সদস্যসচিব হাফিজুর রহমান বেলায়েতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।