০৮ নভেম্বর ২০২৬, ২০:৩০

খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচিত

অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নিয়োগ  © টিডিসি সম্পাদিত

কোনো ধরণের অভিবাসন ব্যয় ছাড়াই সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) বিকালে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেল-এর কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারি কার্যক্রম পরিচালিত হয়।

এ আগে গত ৬ নভেম্বর থেকে আজ ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন আহ্বান করা হয়। এতে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন করে মোট ৩০০ জনকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে পাঠানো হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। 

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের কর্মীদের ফ্লাইট শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক। 

সচিব বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত 'জিরো কস্টে' কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।