দুই খুতবার মাঝে কিছুক্ষণ বসেন ইমাম, ইসলামে কী ব্যাখ্যা আছে?
জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ হলো খুতবা। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় হয় না। নামাজের মতো খুতবার সময়ও মুসল্লিদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এ সময় সবাইকে নীরব থাকতে হয়। এমনকি কথাবার্তা বলা কিংবা জিকির করা থেকেও বিরত থাকার নির্দেশনা রয়েছে। খুতবা চলাকালে মনোযোগ দিয়ে তা শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব।
নবীজি হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পর কুবা মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেন। ওই নামাজে তিনি নিজেই ইমামতি করেন এবং নামাজের আগে দুটি খুতবা দেন। সেই সময় থেকেই জুমার নামাজের আগে দুটি খুতবা দেওয়ার প্রচলন শুরু হয়। মহানবী (সা.)-এর ওফাত পর্যন্ত এ নিয়ম অব্যাহত ছিল। পরবর্তী সময়ে খলিফা ও সাহাবায়ে কেরামও একই নিয়ম অনুসরণ করেছেন।
ইসলামি আইনজ্ঞদের মতে, জুমার আগে দুটি খুতবা দেওয়া সুন্নতে মুয়াক্কাদা। কেউ একটি খুতবা দিয়ে জুমার নামাজ আদায় করালে নামাজ শুদ্ধ হয়ে গেলেও তা মাকরুহ হবে।
জুমার দুটি খুতবার মাঝখানে খতিবের কিছুক্ষণ বসে থাকার বিষয়টিও মহানবী (সা.)-এর সুন্নত। জাবের ইবনে সামুরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জুমার আগে দুটি খুতবা দিতেন এবং উভয় খুতবার মাঝখানে বসতেন। খুতবায় তিনি পবিত্র কোরআন তিলাওয়াত করতেন এবং মানুষকে উপদেশ দিতেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৮৮০)
ইসলামি আইনজ্ঞ ও গবেষকরা জুমার দুই খুতবার মাঝখানে খতিবের বসার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
১. মহানবী (সা.)-এর সুন্নত অনুসরণ
জুমার দুই খুতবার মাঝখানে কিছুক্ষণ বসে থাকা মহানবী (সা.)-এর নিয়মিত আমল ছিল। তাই তাঁর অনুসরণে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তী যুগের মুসলমান এবং বর্তমান সময়ের খতিবরাও এই নিয়ম পালন করে আসছেন। মূলত মহানবী (সা.)-এর সুন্নত অনুসরণ ও তাঁর আদর্শের অনুকরণ করাই এর অন্যতম উদ্দেশ্য।
২. শারীরিক স্বস্তি ও খুতবার মধ্যে বিরতি
একটানা বক্তব্য দেওয়ার পর দুই খুতবার মাঝখানে সংক্ষিপ্ত বিরতি খতিবের শারীরিক ক্লান্তি দূর করতে সহায়তা করে। একই সঙ্গে দীর্ঘ সময় বক্তব্য শোনার পর মুসল্লিরাও কিছুটা স্বস্তি পান। এ বিরতির মাধ্যমে দুটি খুতবাকে আলাদা ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়।
৩. দুই রাকাত নামাজের বিকল্প হিসেবে খুতবা
কিছু আলেমের মতে, সাধারণ দিনে জোহরের ফরজ নামাজ চার রাকাত হলেও শুক্রবার জুমার নামাজ দুই রাকাত আদায় করা হয়। বাকি দুই রাকাতের পরিবর্তে দুটি খুতবা দেওয়া হয়। অর্থাৎ, খুতবা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। তাই জুমার আগে দুটি খুতবা দেওয়া হয় এবং মাঝখানে সংক্ষিপ্ত বিরতি দিয়ে সেগুলোকে পৃথক করা হয়।