২৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৬

মাওলানা মিজানুর রহমান আজহারীর কুরআন মাহফিলের ঘোষণা

মিজানুর রহমান আজহারী  © সংগৃহীত

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। শিগগিরই দেশের বিভিন্ন শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আজহারি। পোস্টে তিনি বলেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। ... শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

পোস্টে মাহফিলগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে আয়োজনগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মাহফিলে সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকা, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করাকে সবার দায়িত্ব বলে উল্লেখ করেন আজহারি। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

আজহারি বলেন, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এ আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

তিনি আরও বলেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন না হয়ে মানুষের জীবন পরিবর্তনের উপলক্ষ হওয়া উচিত।