২০ নভেম্বর ২০২৬, ১২:৩৭

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?

জুমার দিনের গোসল   © সংগৃহীত

মুসলমানদের কাছে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমার দিন। ইসলামে এ দিনের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। এ দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বেশ কিছু বিশেষ আমলের কথাও বর্ণিত হয়েছে।

হাদিসে এসেছে, পৃথিবীতে সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এ দিনে আদম আ.-কে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৪)

জুমার দিন গোসল করা ইসলামে বিশেষ গুরুত্বের একটি আমল। এ দিন জুমার নামাজে অংশ নেওয়ার আগে গোসল করার বিষয়ে হাদিসে নির্দেশনা রয়েছে। তবে কোনো কারণে গোসল না করতে পারলে জুমার নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী, জুমার দিনের গোসল এবং নামাজের জন্য অজু এক বিষয় নয়। গোসল না করলেও অজু করে জুমার নামাজ আদায় করা যায়। তবে এ বিষয়ে আলেমদের মধ্যে গোসলের বিধান নিয়ে মতপার্থক্য রয়েছে। অধিকাংশ আলেমের মতে, জুমার গোসল সুন্নতে মুয়াক্কাদা। আর কিছু আলেম একে ওয়াজিব মনে করেন।

এর পক্ষে একটি হাদিসও রয়েছে। হজরত সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—‘যে ব্যক্তি জুমার দিন অযু করবে, সে যেন সুন্নতের উপর আমল এবং উত্তম কাজ করল। কাজেই যে ব্যক্তি গোসল করবে- তা তার জন্য সর্বোত্তম হবে।’ (সুনান আবু দাউদ, হাদিস: ৩৫৪)

অন্যদিকে, সহিহ বুখারিতে জুমার দিনের গোসলের নির্দেশ দিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—‘তোমাদের কেউ জুমার নামাজে এলে সে যেন গোসল করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৭৭) 

এই হাদিসগুলোর ভিত্তিতে অধিকাংশ আলেম জুমার দিনের গোসলকে সুন্নতে মুয়াক্কাদা হিসেবে গণ্য করেছেন। তবে কিছু আলেম এটিকে ওয়াজিব বলেছেন। 

জুমার দিনের বিশেষ গোসল না করলেও অজু করে জুমার নামাজ আদায় করা যাবে। তবে কেউ যদি ফরজ গোসলের প্রয়োজনীয় অবস্থায় থাকেন, তাহলে শুধু অজু করে নামাজ পড়লে হবে না। নামাজের আগে ফরজ গোসল করতে হবে।