০৪ অক্টোবর ২০২৬, ১৩:০১

একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব

প্রতীকী ছবি  © সংগৃহীত

সাধারণত এক বছরে দুটি ঈদ এবং একবার হজ অনুষ্ঠিত হয়। শৈশব থেকেই মুসলিমরা এমনটাই জেনে আসছেন। তবে শিগগিরই এই ধারায় ব্যতিক্রম দেখা যাবে। এমন একটি বছর আসছে, যখন একই সৌর বছরে দুটি হজ ও তিনটি ঈদ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ এ তথ্য জানিয়েছেন।

এর পেছনে রয়েছে হিজরি চান্দ্র বছর ও সৌর বছরের হিসাবের পার্থক্য। হিজরি বছর চাঁদের গতিপথ ও কলার ওপর নির্ভরশীল। এ বছরে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। অন্যদিকে সৌর বছর সূর্যের হিসাবে নির্ধারিত হয়। এতে ৩৬৫ বা ৩৬৬ দিন থাকে। ফলে প্রতি বছর হিজরি তারিখ সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।

২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ওই ঈদ হবে ৬ জানুয়ারি। এটি হবে হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ। এই দিনটি হজের শেষ দিন এবং কোরবানির ঈদ হিসেবে পালিত হয়।

এর প্রায় ১২ মাস পর চান্দ্র বছরের চক্র আবার একই পর্যায়ে ফিরে আসবে। তখন শুরু হবে আরেকটি হজের মৌসুম। ২৬ ডিসেম্বর দ্বিতীয় ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এটি হবে হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ।

এর ফলে একই সৌর বছরে মক্কায় দুবার হজ অনুষ্ঠিত হবে। এমন ঘটনা অত্যন্ত বিরল। দুই হজের সময়ই আলাদাভাবে আরাফার দিন আসবে। ঈদুল আজহার আগের দিন আরাফার দিন পালন করা হয়। এদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া করেন।

এই দুই ঈদুল আজহার মাঝখানে পড়বে ঈদুল ফিতর। এটি ১৯ অক্টোবর হওয়ার কথা রয়েছে। ফলে ওই সৌর বছরে দুটি কোরবানির ঈদ এবং একটি ঈদুল ফিতর মিলিয়ে মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে।

শুধু হজের ক্ষেত্রেই এমন ব্যতিক্রম দেখা যাবে না। রমজানেও কাছাকাছি সময়ে একই ধরনের ঘটনা ঘটবে। ২০৩০ সালে মুসলিমরা একই সৌর বছরে দুবার রমজান মাস পাবেন। একটি রমজান শুরু হবে জানুয়ারিতে। অন্যটি শুরু হবে ডিসেম্বরে। এমন ঘটনা ৩৩ বছর পর ঘটবে। এর আগে ১৯৯৭ সালে একই সৌর বছরে দুবার রমজান এসেছিল।