১৯ আগস্ট ২০২৬, ২০:৩৩

বাংলাদেশে আসছেন পাকিস্তানি পীর সাবির শাহ 

পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ  © সংগৃহীত

আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শীর্ষ আলেম এবং পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে আসছেন। দেশের আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র জশনে জুলুসে নেতৃত্ব দিতেই তার এই সফর। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ।

সংগঠনের আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা। পীর আল্লামা সাবির শাহকে অভ্যর্থনা জানাতে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ শরিফে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সফরকালে তিনি আগামী রবিবার (২৩ আগস্ট) ঢাকায় এবং পরবর্তী বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুসের মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেবেন।

ধর্মীয় ব্যক্তিত্বের পাশাপাশি আল্লামা সাবির শাহ পাকিস্তানের রাজনীতিতেও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দেশটির খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী, বর্তমান সিনেটর এবং পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১৯৭৪ সালে তার পিতা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রা.) বাংলাদেশে প্রথম ঐতিহাসিক এই জশনে জুলুসের প্রবর্তন করেন, বর্তমানে যার অধীনে প্রায় দুই শতাধিক আলিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে।