২১ মার্চ ২০২৬, ০৯:৩০

দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামাতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

রাজধানীতে জাতীয় ঈদগাহসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে যুদ্ধময় বিশ্বে শান্তির আহবানসহ দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ঈদের নামাজ পড়েন তাঁরা। 

এর মাধ্যমে সাড়ে তিন দশকের বেশি সময় পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ মিনিট পর আসেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। একইসঙ্গে নামাজ পড়েন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নামাজ সবাই মোনাজাত করেন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। খুতবার পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি সারাবিশ্বে যুদ্ধ-বিগ্রহ ও ফিৎনা-ফ্যাসাদ বন্ধের প্রার্থনা জানানো হয়। একদিন আগেই সকালে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আকাশ মেঘলা থাকলেও জাতীয় ঈদগাহে প্রধান জামাত নির্বিঘ্নেই হয়েছে।

আরও পড়ুন: ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বাভাস

মুসল্লিরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে ঈদের জামাতে অংশ নেওয়া খবর পাওয়া গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টা পর্যন্ত সেখানে আরও চারটি জামাত হবে।