১৯ মার্চ ২০২৬, ১৯:১৮

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

সংবাদ সম্মেলন  © সংগৃহীত

দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।