১৬ মার্চ ২০২৬, ০৭:১৯

শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া যাবে কি?

প্রতীকী ছবি  © টিডিসি ফটো

রমজান মাস এলেই যাকাত নিয়ে মুসলমানদের মধ্যে সচেতনতা বাড়ে। সামর্থ্যবানদের জন্য যাকাত পাঁচ ওয়াক্ত নামাজের মতোই ফরজ ইবাদত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, 'এ সাদকা গুলো তো আসলে ফকীর মিসকিনদের জন্য। আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্তএবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য। তাছাড়া দাস মুক্ত করার, ঋণগ্রস্তদের সাহায্য করার, আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারে ব্যয় করার জন্য। এটা আল্লাহর পক্ষে থেকে একটি বিধান এবং আল্লাহ সবকিছু জানেন, তিনি বিজ্ঞ ও প্রাজ্ঞ (সুরা আত-তাওবা: ৬০)

এই যাকাত অনেকে অনেকভাবে দিয়ে থাকে। কেউ দরিদ্রড়ের শাড়ী, লুঙ্গি দিয়ে যাকাত পরিশোধ করেন, এটি আসলে ইসলাম সমর্থিত? এ বিষয়ে ইসলামী শরিয়ত ও আলেমদের মতামত কী?

ইসলামী শরিয়ত অনুযায়ী, যাকাত মূলত সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্র ও অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করার একটি বাধ্যতামূলক ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা যাকাতের অর্থ গ্রহণের যোগ্য আট শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন।

ইসমালী স্কলারদের মতে, যাকাত নগদ টাকা দিয়ে আদায় করা যেমন জায়েজ, তেমনি পণ্যের (যেমন কাপড়, খাদ্যদ্রব্য) মাধ্যমে আদায় করাও জায়েজ।
হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) যখন ইয়েমেনে যাকাত আদায় করতে গেলেন, তখন তিনি বলেছিলেন, তোমরা আমাকে যাকাত হিসেবে দানা-শস্যের পরিবর্তে কাপড় দাও, কারণ এটি তোমাদের জন্য সহজ এবং মদিনার মুহাজিরদের জন্য বেশি উপকারী। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ১০৭৩২)

শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত দিতে চাইলে আপনাকে তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

যথাযথ বাজার মূল্য: আপনি যে শাড়ি বা লুঙ্গি দিচ্ছেন, তার বাজার মূল্য কত তা হিসাব করতে হবে। ধরুন আপনার ১ হাজার টাকা যাকাত ফরজ হয়েছে। এখন আপনি যদি ২৫০ টাকা দামের ৪টি শাড়ি কিনে দেন, তবে আপনার ১ হাজার টাকা যাকাত আদায় হবে। কিন্তু আপনি যদি ২৫০ টাকা মূল্যের শাড়ি কিনে তাকে ৫০০ টাকা দাম ধরে হিসাব করেন, তবে যাকাত আদায় হবে না।

পণ্যের মান: আমাদের সমাজে যাকাতের কাপড় নামে খুব নিম্নমানের শাড়ি-লুঙ্গি দেওয়ার একটি রেওয়াজ আছে, যা কয়েকবার ধোয়ার পর ছিঁড়ে যায়। এটি অত্যন্ত অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। (সূরা আল-ইমরান: ৯২)

তাই এমন মানের কাপড় দেওয়া উচিত যা আপনি নিজেও পরতে পছন্দ করবেন বা কোনো আত্মীয়কে উপহার হিসেবে দিতে পারবেন।

যাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ব্যক্তির অভাব দূর করা। যদি সেই অভাবী ব্যক্তির কাপড়ের চেয়ে খাবারের বা ঋণের টাকা পরিশোধের বেশি প্রয়োজন থাকে, তবে তাকে কাপড় না দিয়ে নগদ টাকা দেওয়াটাই বেশি সওয়াবের কাজ।

নগদ টাকা বনাম কাপড়, কোনটি উত্তম?
বর্তমানে যাকাত নগদ টাকা দিয়ে দেওয়া বেশি উত্তম। কারণ,
১. নগদ টাকা দিয়ে গরিব ব্যক্তি তার প্রয়োজনমতো ওষুধ, খাবার বা সন্তানের স্কুলের বেতন দিতে পারে।
২. অনেক সময় দেখা যায় একজন গরিব মানুষ অনেকগুলো যাকাতের শাড়ি পায়, যা তার কাজে লাগে না এবং সে বাধ্য হয়ে তা কম দামে বাজারে বিক্রি করে দেয়। এতে তার আর্থিক ক্ষতি হয়। [মুসলিম বাংলা]