২৬ নভেম্বর ২০২৬, ১৩:১০

মেডিকেলে টপ করার ‘মূল অস্ত্র’ ইংরেজি ও জিকে, অর্ধেক প্রস্তুতি মডেল টেস্টে—ভর্তিচ্ছুদের পরামর্শ আদনানের 

ছবি  © এআই সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুহিউদ্দীন আদনানের মেডিকেলে ভর্তির স্বপ্নযাত্রা শুরু হয়েছিল একেবারেই ভিন্ন আঙ্গিকে। এইচএসসিতে ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার ইচ্ছা থাকলেও করোনার লকডাউন এবং পরিবারের অনুপ্রেরণায় তার মনে মেডিকেলে পড়ার স্বপ্ন তীব্রভাবে দানা বাঁধে। প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি গুছিয়ে তোলা, পূর্ণাঙ্গ সিলেবাসের চাপ সামলানো, প্রশ্নব্যাংক বিশ্লেষণ এবং নিয়মিত মডেল টেস্ট দেওয়ার বাস্তব অভিজ্ঞতা থেকে ভর্তিচ্ছুদের জন্য নানা দিকনির্দেশনা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

মেডিকেলে পড়াশোনার স্বপ্ন কীভাবে মনে দানা বেঁধেছিল এবং কবে থেকে এই যাত্রা শুরু?

ছোটবেলা থেকেই পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে আমার একেক সময় একেক বিষয় ভালো লাগত, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তবে এইচএসসিতে ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ার খুব ইচ্ছা ছিল। পরবর্তীতে ২০২১ সালের দিকে করোনার লকডাউনে সবকিছু বন্ধ হয়ে গেলে আমি চট্টগ্রামে আমার পরিবারের কাছে চলে আসি। দীর্ঘদিন পর পরিবারের সাথে থেকে বাবা-মায়ের ইচ্ছা এবং চারপাশের মানুষের কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে মেডিকেলে পড়ার স্বপ্নটা মনে তীব্রভাবে দানা বাঁধে।

আর যাত্রার শুরুর কথা বললে, এইচএসসি প্রথম বর্ষ থেকেই আমার অনানুষ্ঠানিকভাবে ভর্তি প্রস্তুতি শুরু হয়েছিল। আমি জানতাম একাডেমিক পড়াশোনা ভালোভাবে করলে এডমিশনের বেশিরভাগ অংশ কাভার হয়ে যায়। তাই কোনো অধ্যায় পড়ার সময়ই আমি বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতাম এবং কী ধরনের প্রশ্ন হতে পারে তা বিশ্লেষণ করে পড়তাম।

মেডিকেলে ভর্তি প্রস্তুতির সঠিক সময় ও কীভাবে শুরু করা উচিত?

আমার মতে, এইচএসসি জীবনের একেবারে শুরু অর্থাৎ প্রথম বর্ষ থেকেই প্রস্তুতি নেওয়া সবচেয়ে ভালো ও সঠিক সময়। এর জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই; একাডেমিক প্রতিটি অধ্যায় পড়ার পাশাপাশি ওই অধ্যায় থেকে বিগত বছরে আসা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং প্রশ্নের ধরন বিশ্লেষণ করতে হবে। তবে যারা শুরু থেকে প্রস্তুতি নিতে পারেননি, তাদের জন্য বলব—‘ইটস নেভার লেট’। যখন থেকেই মনে তাগিদ অনুভব করবেন, ঠিক তখন থেকেই সততা ও নিষ্ঠার সাথে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত।

মেডিকেল প্রত্যাশীদের কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিৎ?

সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিৎ গ্রুপ সাবজেক্ট বা বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে—অর্থাৎ জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। কারণ এখান থেকেই সর্বোচ্চ (বর্তমানে ৭০ নম্বর, আগে ৭৫ নম্বর ছিল) প্রশ্ন আসে। শুরু থেকেই এই বিষয়গুলোর মূল বইয়ে জোর দিতে হবে। পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান (জিকে)-এর সাথে মানবিক গুণাবলি মিলিয়ে বাকি ৩০ নম্বরের প্রশ্ন হয়। ইংরেজির ভিত্তি ভালো থাকলে সব জায়গাতেই এগিয়ে থাকা যায়, আর সাধারণ জ্ঞান মূলত এডমিশন সময়েই ভালোভাবে পড়া হয়।

যাদের প্রস্তুতি এখনো গুছিয়ে ওঠেনি বা কম আছে, এই সময়ে তাদের করণীয় কী?

এডমিশনের সময়টাতে যাদের প্রস্তুতি আগে থেকে গোছানো থাকে না, তাদের ওপর প্রচণ্ড মানসিক চাপ থাকে। আসলে পুরো ভর্তিযুদ্ধটাই একটি ধারাবাহিক চাপের মধ্য দিয়ে যায়, যা মেনে নিয়েই চলতে হবে। এই সময়ে করণীয় হলো—শেষ পর্যন্ত হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া এবং নিজের প্রতি সৎ থাকা। পুরো সময়টা যেন কেবল পড়াশোনার পেছনেই ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। অনেকেই আছেন যারা এইচএসসিতে ভালোভাবে প্রস্তুতি না নিয়েও শেষ সময়ের চেষ্টায় মেডিকেলে চান্স পেয়েছেন। তাই সময় নষ্ট না করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া সম্ভব।

দৈনিক কত ঘণ্টা পড়াশোনা করতেন?

আমার পড়ার সময়টা মূলত মানসিক অবস্থার ওপর নির্ভর করত। তবে আমার কাছে স্মার্টফোন না থাকায় সময় নষ্ট হতো না বললেই চলে, ফলে দিনের বেশিরভাগ সময়ই পড়াশোনায় দিতে পারতাম। এইচএসসি চলাকালে কোনো দিন একদমই পড়তাম না, আবার কোনো দিন ১৪ ঘণ্টাও পড়েছি। তবে এডমিশন সময়ে নামাজ, খাওয়া এবং ঘুমের সময়টুকু বাদ দিয়ে পুরো সময়টাই পড়ার চেষ্টা করতাম। সে সময় গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা হতো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, মস্তিষ্কের বিশ্রামের জন্য প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা ঘুম অবশ্যই প্রয়োজন। এর পাশাপাশি গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা (বা সামর্থ্য অনুযায়ী ১০-১২ ঘণ্টা) মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তা যথেষ্ট।

প্রস্তুতি নিতে গিয়ে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে?

বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রথমত, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি দিয়েছিলাম, কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল পূর্ণাঙ্গ সিলেবাসে। নতুন করে সব অধ্যায় পড়াটা মানসিকভাবে বেশ চাপের ছিল। দ্বিতীয়ত, পড়া বারবার ভুলে যাওয়া—যা প্রায় সব শিক্ষার্থীরই সমস্যা। এটি কাটিয়ে উঠতে মূল বই বারবার রিভিশন দেওয়া ছাড়া উপায় নেই। তৃতীয়ত, পড়াশোনার বিশাল পরিধি। এছাড়া অনেকের ক্ষেত্রে বাসার পরিবেশ বা অতিথি আগমনের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটে, যদিও আমার পরিবার অত্যন্ত সহযোগিতাপূর্ণ হওয়ায় এবং আলাদা রুম থাকায় আমাকে এই সমস্যায় পড়তে হয়নি।

যারা মেধাতালিকায় শীর্ষে থাকতে চায়, তাদের জন্য বিশেষ করণীয় কী?

বিজ্ঞান বিভাগের বিষয়গুলো প্রায় সব সিরিয়াস পরীক্ষার্থীই ভালোভাবে পড়ে। তাই মেধাতালিকায় শীর্ষে থাকার মূল হাতিয়ার বা ‘মেইন ওয়েপন’ হলো ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই দুটি বিষয়ে যারা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে এবং ভালো নম্বর তুলতে পারবে, তারাই মেধাতালিকায় অনেক এগিয়ে থাকবে। এজন্য এইচএসসি জীবনের শুরু থেকেই ইংরেজি ভোকাবুলারি, গ্রামার ও বিগত বছরের প্রশ্ন অনুশীলন করা এবং সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করে আগে থেকেই পড়ে রাখা উচিত।

প্রস্তুতির জন্য কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?

আমার মতে, মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য কোচিং একেবারেই বাধ্যতামূলক বা অপরিহার্য। কারণ মেডিকেল ভর্তি প্রস্তুতির অর্ধেকই হলো পরীক্ষা দেওয়া। নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের অবস্থান যাচাই করা, সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিজের তুলনামূলক অবস্থান বোঝা এবং এমসিকিউ ও মেডিকেল ভর্তি পরীক্ষার পরিবেশের সাথে অভ্যস্ত হওয়ার জন্য কোচিংয়ের বিকল্প নেই। তাছাড়া সঠিক গাইডলাইন পাওয়ার জন্যও কোচিং অত্যন্ত প্রয়োজনীয়।

এই সময়টায় কোচিংয়ের সঙ্গে নিজের পড়া কীভাবে সমন্বয় করা উচিত?

কোচিংগুলোতে সাধারণত একদিন ক্লাস ও পরীক্ষা থাকে এবং পরের দিন বিরতি (গ্যাপ) থাকে। কোচিংয়ে যে অধ্যায়টি পড়ানো হচ্ছে, বিরতির দিনটিতে সেই অধ্যায়টি মূল বই থেকে খুব ভালোভাবে পড়ে শেষ করতে হবে। এরপর ওই অধ্যায়ের প্রশ্নব্যাংক সমাধান করতে হবে এবং বাসায় নিজে পরীক্ষা দিয়ে পরের দিন কোচিংয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—একসাথে একাধিক কোচিংয়ে ভর্তি হওয়া উচিত নয়। এতে নিজের পড়ার সময় নষ্ট হয় এবং প্রচণ্ড চাপ তৈরি হয়। একটি কোচিংকে অনুসরণ করে নিজের পড়া গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

প্রশ্নব্যাংক অনুশীলনের কার্যকর পদ্ধতি কী?

প্রশ্নব্যাংক অনুশীলনের দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো—অধ্যায়টি পড়ার আগে প্রশ্নব্যাংকে চোখ বুলিয়ে নেওয়া, যাতে বোঝা যায় কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি (যা আমার কাছে বেশি কার্যকর মনে হয়)—প্রথমে অধ্যায়টির থিওরি বা মূল বই খুব ভালোভাবে পড়ে শেষ করা। এরপর প্রশ্নব্যাংক সমাধান ও বিশ্লেষণ করা। সমাধান করতে গিয়ে যে প্রশ্নগুলো ভুল হবে বা পারা যাবে না, সেগুলো চিহ্নিত করে মূল বইয়ের ওই অংশটি আবার পড়া এবং রিভিশন দেওয়া। এতে ভুলগুলো স্থায়ীভাবে সংশোধন হয়ে যায়।

নিয়মিত মডেল টেস্ট দেওয়ার উপকারিতা কেমন?

পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ‘মাস্ট টু ডু’। আগেই বলেছি, মেডিকেল ভর্তি প্রস্তুতির ৫০ শতাংশই হলো পরীক্ষা দেওয়া। মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে মূল পরীক্ষার পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়, সময়ের সঠিক ব্যবস্থাপনা শেখা যায় এবং পরীক্ষার ভীতি দূর হয়। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার অনুভূতি এবং মডেল টেস্ট দেওয়ার অভিজ্ঞতা প্রায় একই রকম। তাই চূড়ান্ত পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করতে মডেল টেস্টের কোনো বিকল্প নেই।