২৩ নভেম্বর ২০২৬, ১০:১২

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নিতে হবে যেভাবে

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা  © সংগৃহীত

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থীর লক্ষ্য থাকে দেশের বাইরে উচ্চশিক্ষা নেওয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি কিংবা জাপানের মতো দেশে পড়ার স্বপ্ন দেখেন অনেকে। তবে বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুধু ভালো ফলাফল বা ইংরেজি ভাষার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, আর্থিক সামর্থ্য, ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং ভিসা—প্রতিটি ধাপেই প্রয়োজন পরিকল্পনা।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে বিভিন্ন জটিলতায় পড়েন। অথচ আগে থেকে পরিকল্পনা করলে আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। এইচএসসির পর বিদেশে স্নাতক পর্যায়ে পড়তে চাইলে যেসব বিষয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেগুলো জেনে নেওয়া যাক।

বিশ্ববিদ্যালয় ও পছন্দের সাবজেক্ট নির্বাচন
বিদেশে পড়ার প্রস্তুতির প্রথম ধাপ হলো কোন দেশে এবং কোন বিষয়ে পড়তে চান, তা ঠিক করা। শুধু পরিচিত বা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের আগ্রহ, আগের পড়াশোনার বিষয়, ফলাফল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় নেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক কার্যক্রম এডুকেশনইউএসএ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মান, ব্যক্তিগত পছন্দ ও আর্থিক সামর্থ্য বিবেচনার পরামর্শ দেয়। তাদের নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে সম্ভাব্য শিক্ষাবর্ষ শুরুর অন্তত ১২ থেকে ১৮ মাস আগে থেকেই বিশ্ববিদ্যালয় খোঁজার কাজ শুরু করা ভালো।

এ ক্ষেত্রে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করে সেগুলোর ভর্তি যোগ্যতা, টিউশন ফি, বৃত্তির সুযোগ, আবাসনব্যবস্থা এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় জেনে নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য অনুমোদিত কি না, সেটিও যাচাই করা জরুরি।

পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
বিদেশে উচ্চশিক্ষার আবেদনের জন্য প্রথম দিকেই পাসপোর্ট তৈরি করে রাখা ভালো। পাসপোর্টের পাশাপাশি শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় অন্যান্য শিক্ষাগত কাগজপত্র সংগ্রহ করতে হবে।

কিছু বিশ্ববিদ্যালয় আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি, শিক্ষাগত আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে প্রবন্ধ বা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) চায়। আবার কোথাও শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে সুপারিশপত্র (লেটার অব রিকমেন্ডেশন) প্রয়োজন হয়।

এডুকেশনইউএসএর নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের শর্ত আলাদা হতে পারে। আবেদনের সময় একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, প্রবন্ধ এবং প্রয়োজনীয় পরীক্ষার ফলাফল জমা দিতে হতে পারে। তাই আবেদনের শেষ সময়ের অপেক্ষা না করে আগেই এসব কাগজপত্র প্রস্তুত রাখা উচিত।

ইংরেজি ভাষার দক্ষতা ও ভর্তি পরীক্ষা
ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চাইলে অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ চায়। এ জন্য আইইএলটিএস, টোয়েফল, পিটিই  কিংবা ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্টের মতো পরীক্ষার ফলাফল গ্রহণ করতে পারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে সব বিশ্ববিদ্যালয় একই পরীক্ষা গ্রহণ করে না। কোনো বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পরীক্ষার ফলাফল চায়, আবার কোনো প্রতিষ্ঠান কিছু ক্ষেত্রে বিকল্প সুযোগও দেয়। তাই পরীক্ষা দেওয়ার আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভাষাগত যোগ্যতার শর্ত দেখে নেওয়া জরুরি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য স্যাট (SAT) বা অ্যাক্টের (ACT) ফলাফল চাওয়া হতে পারে। তবে এসব পরীক্ষার প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় ও ভর্তি নীতির ওপর নির্ভর করে। কোথাও পরীক্ষা বাধ্যতামূলক, কোথাও ঐচ্ছিক, আবার কোথাও প্রয়োজন হয় না। তাই আগেভাগে ভর্তি পরীক্ষার ধরন ও প্রস্তুতির সময় নির্ধারণ করতে হবে।

আর্থিক পরিকল্পনা ও বৃত্তির খোঁজ
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো আর্থিক প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ছাড়াও আবাসন, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা, বইপত্র এবং অন্যান্য ব্যক্তিগত খরচের হিসাব করতে হবে।

পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী কোন দেশে পড়াশোনা করা সম্ভব, তা আগে থেকেই নির্ধারণ করা উচিত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাভিত্তিক বৃত্তি, আর্থিক সহায়তা ও টিউশন ফি কমানোর সুযোগ খুঁজতে হবে। কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আংশিক বা পূর্ণ বৃত্তি দিয়ে থাকে। তবে বৃত্তির যোগ্যতা, আবেদনের সময় এবং সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানভেদে আলাদা।

কানাডার অভিবাসন বিভাগের নির্দেশনা অনুযায়ী, স্টাডি পারমিটের আবেদনে শিক্ষার্থীকে টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং যাতায়াতের খরচ বহনের সামর্থ্যের প্রমাণ দিতে হয়। শুধু প্রথম বছরের খরচ নয়, এক বছরের বেশি মেয়াদের পড়াশোনার জন্য পরবর্তী সময়ের ব্যয় কীভাবে বহন করা হবে, সে পরিকল্পনাও দেখাতে হয়।

আবেদনপত্র ও প্রয়োজনীয় প্রবন্ধ তৈরি
বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন শেষে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদনপদ্ধতি অনুসরণ করা জরুরি। কোথাও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে হয়, আবার কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় আবেদনব্যবস্থা ব্যবহার করা হয়।

আবেদনপত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হয়। পাশাপাশি স্টেটমেন্ট অব পারপাস বা ব্যক্তিগত প্রবন্ধ চাওয়া হলে সেখানে কেন নির্দিষ্ট বিষয়টি পড়তে চান, বিশ্ববিদ্যালয়টি কেন বেছে নিয়েছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী—এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সুপারিশপত্রের প্রয়োজন হলে আগে থেকেই সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা উচিত। আবেদনের সব তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করাও জরুরি।

ভর্তির প্রস্তাব পাওয়ার পর ভিসার প্রস্তুতি
বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব বা অফার লেটার পাওয়ার পর শুরু হয় ভিসার প্রস্তুতি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের শিক্ষার্থী ভিসার নিয়মকানুন ভালোভাবে জানতে হবে। দেশভেদে ভিসার ধরন, আবেদনপদ্ধতি, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আলাদা।

যেমন, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার আবেদনের আগে সংশ্লিষ্ট অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। যুক্তরাজ্যে ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের দেওয়া কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ (সিএএস) প্রয়োজন হয়। আবার অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রকৃত শিক্ষার্থী হওয়ার শর্ত বা জেনুইন স্টুডেন্ট (জিএস) বিবেচনা করা হয়।

তাই ভিসার আবেদন করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন ওয়েবসাইট থেকে সর্বশেষ নিয়ম জেনে নিতে হবে। শুধু অন্যের অভিজ্ঞতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর নির্ভর করে আবেদন করা ঠিক নয়।

আবেদনের সময়সীমা ও পরবর্তী প্রস্তুতি
বিদেশে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রে সময়সীমা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ভেদে বছরে একাধিক শিক্ষার্থী ভর্তির সময় থাকতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণত ফল সেমিস্টার ও স্প্রিং সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। অন্য দেশেও শিক্ষাবর্ষ ও আবেদনের সময় আলাদা হতে পারে।

তাই পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন শুরুর ও শেষ তারিখ জেনে একটি সময়সূচি তৈরি করতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র, বৃত্তির আবেদন এবং ভিসার প্রস্তুতি—সবকিছুর জন্য আলাদা সময় রাখতে হবে।

ভিসা পাওয়ার পরও প্রস্তুতির কাজ শেষ হয় না। যে দেশে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া, জীবনযাত্রার খরচ, আবাসন, যাতায়াত এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ডিজিটাল কপি সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নতুন পরিবেশে পড়াশোনা ও জীবনযাপনের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াও জরুরি।

সব মিলিয়ে, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সবচেয়ে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সময়মতো আবেদন এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। বিশ্ববিদ্যালয় ও ভর্তির নিয়ম সম্পর্কে আগে থেকে জানাশোনা থাকলে শেষ মুহূর্তের জটিলতা এড়ানো সম্ভব।