২৭ অক্টোবর ২০২৬, ১৬:২৬

শিক্ষা-গবেষণায় বাংলাদেশ ও চীনের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, ইউনান বিশ্ববিদ্যালয়ে আলোচনা

আবদুল খালেক ও মা ওয়েনহুই আলোচনা  © সংগৃহীত

শিক্ষা, ভাষা প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও যৌথ গবেষণায় বাংলাদেশ-চীন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। সোমবার (২৭ অক্টোবর) চীনের কুনমিংয়ে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনকালে এসব বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বিত পাঠ্যক্রম চালু এবং বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার বিষয় উঠে আসে।

অধ্যাপক মা ওয়েনহুই বলেন, বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে ইউনান বিশ্ববিদ্যালয় আগ্রহী। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশি চীনা ভাষা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি। যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আবদুল খালেক বলেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক, শিক্ষার্থী-শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশ আগ্রহী।

তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টিকে স্বাগত জানান সচিব।

সচিব বলেন, প্রস্তাবিত সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জন সম্ভব হবে। এতে দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকেরা উপকৃত হবেন।

এদিন আবদুল খালেক ইউনান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।