১৫ অক্টোবর ২০২৬, ২০:৫৬

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য  © সংগৃহীত

ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্যারিসের ফ্র্যাঙ্কলিন হাডসন-দ্য ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট থেকে টেকসই অধ্যয়ন নিয়ে তিনি এই ডিগ্রি লাভ করেছেন। এটি প্যারিস ও নিউইয়র্ক ভিত্তিক বিশেষায়িত ও স্বীকৃত একটি আন্তর্জাতিক বিজনেস স্কুল।

২০১৯ সালে দেশ ছাড়েন পিনাকী ভট্টাচার্য। এরপর ফ্রান্সের প্যারিসের সোরবোন বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর এবার পিএইচডি ডিগ্রি অর্জন করলেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এদিন তার পিএইচডি ডিজার্টেশন (থিসিস) ডিফেন্স ছিল বলে জানা গেছে।

পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, আপনাদের দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। ডিফেন্স শেষ হওয়ার পরে এক্সামিনাররা আমাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন। ভেতরে ডাকার পরে প্রথম যে কথাটা শুনলাম, ‘Congratulations, Doctor Pinaki Bhattacharya’।

‘‘চোখ দিয়ে পানি বের হয়ে গেল। গলায় কী যেন আটকিয়ে গেল। কিছু বলতে পারিনি। নামের আগে ‘ডক্টর’ জীবনে প্রথম শুনলাম। কিন্তু কান্নাটা নামের জন্য না। কান্নাটা এজন্য যে, যেই কাজ শুরু করেছিলাম, শেষ পর্যন্ত সেটা শেষ করতে পারছি।

বগুড়া জিলা স্কুল ও আজিজুল হক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে পিনাকী ভট্টাচার্য ভর্তি হয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজে। সেখান থেকে তিনি শেষ করেন এমবিবিএস ডিগ্রি। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন।