অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি ছাত্রী তাসনিম ঐশি
অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের পার্থে এক সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফাইন্যান্স বিভাগের সাবেক ছাত্রী তাসনিম ঐশি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি।
এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে সকালে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভের সিবার্ড রোডের সংযোগস্থলের কাছে ব্রেটন বে’তে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে ঝোপঝাড়ের মধ্য পড়ে যায়। ফলে ঝোপঝাড় থেকে নিহত ওই ছাত্রী ও ধ্বংসাবশেষ গাড়িটি উদ্ধার করে জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা।
স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে।
নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘ টনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পার্থে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ হিল বাকী ফেসবুকের এক পোস্টে লেখেন, অত্যন্ত কষ্টদায়ক একটা নিউজ পেলাম। আমি অস্ট্রেলিয়ার যে সিটিতে থাকি (পার্থ) এখানে আজকে সকালে ভয়াবহ একটি রোড এক্সিডেন্ট হয়েছে। গাড়িটিতে ৪ জনই ছিলো বাংলাদেশী শিক্ষার্থী। একজন স্পট ডেড, নাম তার তাসনিম। বাকি ৩ জনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। মৃত্যুবরণ করা মেয়েটি ২ মাস আগে এখানে এসেছে স্টুডেন্ট হিসেবে। গাড়িতে থাকা বাকি ৩ জনের নাম লাবিব, ঈশিতা, বিপুল। মরদেহ এখন রয়্যাল পার্থ হাসপাতালে রয়েছে। এই নামে আপনাদের পরিচিত কেউ থাকলে দ্রুত খোঁজ নিতে বলুন। অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটলো। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।