২২ আগস্ট ২০২৬, ১৬:৩৩

বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস 

প্রতীকি ছবি  © টিডিসি ফটো

ভিসার শর্ত মেনে চলার বিষয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়নরত কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে তাদের বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে হবে।
শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করলে শুধু বর্তমান ভিসার ওপরই প্রভাব পড়বে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বলে দূতাবাসের বার্তায় সতর্ক করা হয়েছে।