১৯ নভেম্বর ২০২৬, ১৯:২৪

হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাতে লবণের বিকল্প নিয়ে নতুন গবেষণায় যা জানা গেল

লবণের বিকল্প নিয়ে নতুন গবেষণা  © এআই নির্মিত

প্রতিদিনের খাবারে লবণের ব্যবহার কমানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কেননা অতিরিক্ত লবণ খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে। তবে লবণের পরিমাণ কমানোর পাশাপাশি এর ধরন পরিবর্তন করেও এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সাধারণ খাবার লবণের পরিবর্তে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহার করা হলে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব। একই সঙ্গে হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার নতুন ঘটনা কমতে পারে ১ কোটিরও বেশি।

সম্প্রতি নেচার হেলথ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষকেরা বিশ্বের ১৯৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাব্য প্রভাবের কথা জানায়।

গবেষণায় বলা হয়, বিশ্বজুড়ে সব ধরনের খাবার লবণের পরিবর্তে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহার করা হলে বছরে প্রায় ২৯ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু ঠেকানো যেতে পারে। শুধু ঘরে ব্যবহৃত লবণের পরিবর্তন করলেও বছরে প্রায় ১৮ লাখ ৫০ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঘরের লবণ পরিবর্তন করলে প্রায় ৫ লাখ ৯০ হাজার মৃত্যু ঠেকানো যেতে পারে। গবেষকদের হিসাবে, যুক্তরাষ্ট্রেই এই পরিবর্তনের ফলে বছরে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষের মৃত্যু এবং হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার প্রায় ৪ লাখ ৯২ হাজার নতুন ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

পটাশিয়ামযুক্ত লবণ কী?
সাধারণ খাবার লবণের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। অন্যদিকে পটাশিয়ামযুক্ত লবণে সাধারণ লবণের কিছু অংশের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ফলে এতে সোডিয়ামের পরিমাণ কমে এবং পটাশিয়ামের পরিমাণ বাড়ে।

গবেষণায় ৭৫ শতাংশ সোডিয়াম ক্লোরাইড ও ২৫ শতাংশ পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ বিবেচনা করা হয়েছে। গবেষকদের মতে, এই লবণের স্বাদ সাধারণ খাবার লবণের কাছাকাছি। ফলে খাবারের স্বাদে বড় ধরনের পরিবর্তন ছাড়াই লবণের ধরন বদলানো সম্ভব।

চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে, যা রক্তচাপ বাড়াতে পারে। অন্যদিকে পটাশিয়াম কিডনির মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে সাহায্য করে। এতে রক্তচাপ কমতে পারে। এ কারণেই সাধারণ লবণের কিছু অংশের পরিবর্তে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহার করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে।

আগের গবেষণাতেও মিলেছে উপকারের প্রমাণ:
পটাশিয়ামযুক্ত লবণের উপকারিতা নিয়ে এর আগেও গবেষণা হয়েছে। ২০২১ সালে চীনের উত্তরাঞ্চলের ৬০০টি গ্রামের প্রায় ২১ হাজার মানুষের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যারা সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহার করেছেন, তাদের স্ট্রোকের ঝুঁকি ১৪ শতাংশ, হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি ১৩ শতাংশ এবং অকালমৃত্যুর ঝুঁকি ১২ শতাংশ কম ছিল।

এ ছাড়া ২০২৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রকাশিত নির্দেশিকায় পটাশিয়ামযুক্ত লবণের কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মতে, এ ধরনের লবণ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনও কিছু প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে পটাশিয়ামভিত্তিক লবণের বিকল্প ব্যবহারের সম্ভাব্য উপকারিতার কথা জানিয়েছে।

প্রতিদিন কতটুকু লবণ খাওয়া উচিত?
অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপের অন্যতম ঝুঁকির কারণ। যুক্তরাষ্ট্রের হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের দৈনিক সোডিয়াম গ্রহণ ২ হাজার ৩০০ মিলিগ্রামের মধ্যে রাখা উচিত। সম্ভব হলে তা ১ হাজার ৫০০ মিলিগ্রামের নিচে রাখা ভালো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের দৈনিক সোডিয়াম গ্রহণ ২ হাজার মিলিগ্রামের কম হওয়া উচিত। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩ হাজার ৫১০ মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তবে শুধু খাবারে সরাসরি লবণ ব্যবহারই সোডিয়াম গ্রহণের একমাত্র উৎস নয়। প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবার থেকেও উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম শরীরে প্রবেশ করে। তাই সুস্থ থাকতে খাবারের তালিকায় এসব খাবারের পরিমাণের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

যারা পটাশিয়ামযুক্ত লবণ এড়িয়ে চলবেন:
পটাশিয়ামযুক্ত লবণের সম্ভাব্য উপকারিতা থাকলেও এটি সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে দীর্ঘমেয়াদি কিডনি রোগের অগ্রসর পর্যায়ে থাকা ব্যক্তিদের এ ধরনের লবণ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করা কঠিন হয়ে পড়ে। এতে রক্তে পটাশিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে হাইপারক্যালেমিয়া বলা হয়। গুরুতর ক্ষেত্রে এটি হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি তৈরি করতে পারে।

গবেষকদের মডেল অনুযায়ী, তৃতীয় থেকে পঞ্চম পর্যায়ের কিডনি রোগীদের মধ্যে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহারে রক্তচাপ কমার কারণে বছরে প্রায় ৭ লাখ ৫০ হাজার মৃত্যু ঠেকানো সম্ভব হতে পারে। তবে একই সঙ্গে রক্তে অতিরিক্ত পটাশিয়াম জমার কারণে বছরে প্রায় ১ লাখ মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে।

এ ছাড়া যারা কিডনির রোগে আক্রান্ত কিংবা এমন ওষুধ সেবন করেন, যা শরীরে পটাশিয়ামের মাত্রায় প্রভাব ফেলে, তাদের এ ধরনের লবণ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

লবণ পরিবর্তনেই কি কমবে হৃদরোগের ঝুঁকি?
গবেষণাটি মূলত বিভিন্ন দেশের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও কিছু অনুমানের ভিত্তিতে তৈরি একটি মডেল। তাই এতে উল্লেখ করা মৃত্যুর সংখ্যা নিশ্চিত ফল নয়; বরং পটাশিয়ামযুক্ত লবণের ব্যাপক ব্যবহার হলে কী পরিমাণ উপকার পাওয়া যেতে পারে, তার একটি সম্ভাব্য হিসাব। গবেষকেরাও জানিয়েছেন, তথ্যের সীমাবদ্ধতা ও বিভিন্ন অনুমানের কারণে বিশ্বজুড়ে এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে।

তবে গবেষণাটি দেখাচ্ছে, প্রতিদিনের খাবারের একটি ছোট পরিবর্তনও জনস্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামযুক্ত লবণ ব্যবহারের আগে নিজের শারীরিক অবস্থা ও কিডনির কার্যক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে কিডনি রোগী ও নিয়মিত ওষুধ সেবনকারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের লবণ ব্যবহার করা উচিত নয়।